Monday, 29 August 2022

কি চেয়েছিল হঠাৎ গুলিতে নিহত লোকটা?

 


কি চেয়েছিল হঠাৎ গুলিতে নিহত লোকটা?
রাজনীতি মানে ভোট দিতে যাবার দিন
আর রাষ্ট্র মানে ১৫ইআগস্ট জানতো শুধু।
মিছিল দেখতো ছেলেকে কোলে নিয়ে।
কাকা নকশাল করতো বলে সম্পর্ক ছিলনা বাড়ির সাথে,
ওর ও ছিলনা। কথাও বলেনি কোনওদিন।
কি চেয়েছিল হঠাৎ গুলিতে নিহত লোকটা?

একটা ছোট্ট অফিস
ঘরঘরে ফ্যান মাথার ওপর
ছুটিতে একটু দীঘা,ওই বার দুই পুরী...
বিকালে সেলাই করা ব্যাগে সুখের নাম ছিলো ছেলের খেলনা ।
কি চেয়েছিল হঠাৎ গুলিতে নিহত লোকটা?

লক্ষ্মীভান্ডার উল্টে বউ এর সাথে আগামী বর্ষায় 
ছাদ সরানোর স্বপ্ন,
ছেলেকে ইংলিশ মিডিয়াম না হোক,ভালো বাংলা মিডিয়াম বা ভালো প্রাইভেট টিউশনের স্বপ্ন... 
পুজোয় একবার রেস্টুরেন্টে ঢুকে এগ চাউ এর সাথে 
চিলি চিকেন...
তবে হ্যাঁ শীতকালে একবার চিড়িয়াখানায় বাঘ...
কি চেয়েছিল হঠাৎ গুলিতে নিহত লোকটা?

অফিস থেকে আগেই তো মিটে গিয়েছিলো কাজ
বাসটাও একটু ফাঁকা
রাস্তায় ভীড়
ব্যাগে সুখ কিনেছিলো সেদিন
জীবনবীমার একটা কাগজ
হঠাৎ গুলি,হঠাৎ শব্দ,হঠাৎ অন্ধকার...
তারপর ঘুম,অনেকটা ঘুম
একবার বউ আর সুখের উৎস সন্ধান করেছিলো

কি চেয়েছিল হঠাৎ গুলিতে নিহত লোকটা?



Sunday, 14 August 2022

ভারতবর্ষ

 


ব্যরাকপুর স্টেশনে অর্ধউলঙ্গ শুয়ে আছে 
আমার ভারতবর্ষ।
চারপাশে মাছি
বিশ্রী গন্ধ...
পাশ কাটিয়ে নাকে রুমাল চাপা দিয়ে 
আমার দেশ চলে যাচ্ছে।
একপাশে বিগ্রহ
স্থির নত চোখ
খুচরোর আপেক্ষায়...

দিন সাতেক পরের ঘটনা,
আবার ট্রেন শব্দ করে নামিয়ে দিল ব্যরাকপুর স্টেশন।
আমার দেশ আজও শুয়েই আছে,
ময়লা জামা,ছেঁড়া প্যান্ট দিয়ে উঁকি মারছে যৌনাঙ্গ
চুলে জমে আছে হাজার বছরের ঘৃণা
স্বাধীন রাষ্ট্রের অভুক্ত ক্লেদ।

প্রতিদিন এভাবেই উলঙ্গ হয় আমার দেশ,
ছিঁড়ে যায় জামা,
ময়লা জমে চুলে, নখে।
বিগ্রহ সেজে ওঠে প্রসাদে, প্রণামীতে
ভারতবর্ষ শুয়েই থাকে

একদিন জাগবে বলে...






Sunday, 7 August 2022

একটি ঘেমো গদ্য

 

প্রতিটা ঘামের একটা সুগন্ধ আছে।কালো হাত যেমন একদিকে সাদা,ঠিক তেমন।পিতার ঘামের সুগন্ধ তার সন্তান অনুভব করে।প্রেমিকের ঘামের সুগন্ধে প্রেমিকা খুঁজে নেয় আশ্রয়।কিভাবে সমান্তরাল রেখা আগামীর কাঁটাতার হয়ে যায় তা আমরা দেখি রোজ। কাঁটাতারেও ঘাম লেগে যায় মাঝে মাঝে।ঘামের পদ্য লিখতে লিখতেও সুগন্ধি ঘাম গড়িয়ে পড়েছে কপাল বেয়ে। প্রাচীন সভ্যতা গড়ে নিয়েছিল চাকা।তারপর ঘুরতে ঘুরতে অনেকটা এগিয়ে এখন আবার পিছিয়ে পিছিয়ে আগামীর দিকে(ঘামের দুর্গন্ধ আসছে)। চাঁদের গায়ে ঘামের দাগগুলো স্পষ্ট। বড্ড তীক্ষ্ণ।কয়েক কোটি বছর ধরে মৃদু প্রেম দিতে দিতে ঘেমে নেয়ে একসা।কিন্তু সুগন্ধটা ঠিক বজায় আছে।যেদিন আমাদের পড়ার ইন্দু জেঠু মারা গেল সেদিন জেঠুর শবযাত্রী বন্ধুদের গায়েও ঘামের সুগন্ধ পেয়েছিলাম।ইন্দু জেঠু মানে ইন্দ্রনাথ সরকার।নকশাল ছিলো।খুঁড়িয়ে হাঁটতো। আমি প্রতিদিন ঘামের সুগন্ধ পাই টোটোচালকের বা এসি ঘরে থাকা সেলস এক্সিকিউটিভের।একটা সময় আসে ধীরে ধীরে অনেকের ঘামের সুগন্ধ কমে আসে,আসে দুর্গন্ধ।তীব্র দুর্গন্ধ।লাল বাতিও ঢাকতে পারেনা সেই দুর্গন্ধ। বালিশে তোষকে মিশে থাকে দুর্গন্ধ। আয়নায় মুখ দেখলে ভেসে ওঠে দুর্গন্ধ। পোড়া শহর প্রতিদিন ছড়িয়ে দেয় ছাই,কিন্তু ঘামের সুগন্ধ নিতে জানে সেও।

আমি ঘামের সুগন্ধ নিতে নিতে ঘুমিয়ে পড়ি মাঝরাতে আমার আধ ছেঁড়া কাঁথাটায় ।

Sunday, 17 July 2022

প্রেমিকের ক্ষতের দাগ


যে চুপিসারে মরে যায় রোজ
যে আদিগন্ত প্রেমিক সোনাঝুরি ভালোবাসে
তার কাছেও ফিকে হয়ে যায় সীমানা একদিন
দাবীর মিছিল।

ফুল ফুটে থাকে ভাঙ্গা কার্নিশে।
কাল রাতে বৃষ্টি হয়েছিল অনেক
ভেসে গেছে ভালোবাসা
সাথে সীমানা নির্ধারিত দাগ।
শুধু প্রেমিকের ক্ষতের দাগটাই ভাসলো না।


Wednesday, 22 June 2022

অপেক্ষা



সন্ধ্যা নামলে গণকবরের সামনে এসে দাঁড়াই
কিছু প্রেমের কবিতা পুঁতে রাখি মাটিতে।
চারিদিক অন্ধকার, আরও অন্ধকার জড়িয়ে ধরে
আমি কাতর হয়ে যাই শীতে (ভয়ে)।
সারি সারি কঙ্কাল সীমানায় ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে।

পৃথিবীর শেষ কাঁটাতার ছিঁড়ে গেলে 
আমি গোলাপ হাতে দাঁড়াবো তোমার অপেক্ষায়।


Friday, 13 May 2022

মৃত্যু ১

 


একরাশ করুণা নিয়ে দাঁড়িয়ে আছি
কানানদীর শ্মশান ঘাটে।
তিনদিন ধরে পুড়ছে রাষ্ট্র।
হাইড্রোজেন ক্লোরাইডের বোটকা গন্ধে ভরে যাচ্ছে 
রাজ্য, মহানগর, মফস্বল... 
আমার কবিতার খাতা ছিঁড়ে পুড়িয়ে দিচ্ছি
অনন্ত আগুনে...
আমার চোখের সামনে পুড়ে যাচ্ছে আমার সাধনা।
যাক, পুড়ে যাক...
রাষ্ট্রই যখন পুড়ে খাক
তখন আমার কবিতারও মৃত্যু হোক।


Monday, 11 April 2022

শ্রবণ শক্তির মৃত্যু দাও






ফিরে যাচ্ছি
সেই দিনগুলোতে,
যেখানে আলোর ধর্মঘট ছিলো কয়েক শতাব্দী।

পা কাঁপছে,মাটি সরে সরে যাচ্ছে বালির দিকে।

ঘুণ ধরেছে আমার দেওয়ালে,তোমার দেওয়ালে।

হাত পেতে তো চাইনি কিছু
শুধু
আমার শ্রবণ শক্তির মৃত্যু দাও।

Tuesday, 22 March 2022

এখনও ঝুলছে স্বর্গের দেবতা

 


আজ সকাল থেকেই রোদ্দুর ফিকে
বসন্তের রং চুরি করে
হত্যা লিখেছে লালমাটি।
নিহত নিষ্পাপ মুখে সারিবদ্ধ যন্ত্রণা
পোড়া ঘরের দেওয়ালে
এখনও ঝুলছে স্বর্গের দেবতা

যে গ্রামে দশটা লাশের চিতা 
একদিনে জ্বলে
সেখানে সূর্য ওঠেনা কোনওদিন।






আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...