Wednesday, 22 June 2022

অপেক্ষা



সন্ধ্যা নামলে গণকবরের সামনে এসে দাঁড়াই
কিছু প্রেমের কবিতা পুঁতে রাখি মাটিতে।
চারিদিক অন্ধকার, আরও অন্ধকার জড়িয়ে ধরে
আমি কাতর হয়ে যাই শীতে (ভয়ে)।
সারি সারি কঙ্কাল সীমানায় ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে।

পৃথিবীর শেষ কাঁটাতার ছিঁড়ে গেলে 
আমি গোলাপ হাতে দাঁড়াবো তোমার অপেক্ষায়।


Friday, 13 May 2022

মৃত্যু ১

 


একরাশ করুণা নিয়ে দাঁড়িয়ে আছি
কানানদীর শ্মশান ঘাটে।
তিনদিন ধরে পুড়ছে রাষ্ট্র।
হাইড্রোজেন ক্লোরাইডের বোটকা গন্ধে ভরে যাচ্ছে 
রাজ্য, মহানগর, মফস্বল... 
আমার কবিতার খাতা ছিঁড়ে পুড়িয়ে দিচ্ছি
অনন্ত আগুনে...
আমার চোখের সামনে পুড়ে যাচ্ছে আমার সাধনা।
যাক, পুড়ে যাক...
রাষ্ট্রই যখন পুড়ে খাক
তখন আমার কবিতারও মৃত্যু হোক।


Monday, 11 April 2022

শ্রবণ শক্তির মৃত্যু দাও






ফিরে যাচ্ছি
সেই দিনগুলোতে,
যেখানে আলোর ধর্মঘট ছিলো কয়েক শতাব্দী।

পা কাঁপছে,মাটি সরে সরে যাচ্ছে বালির দিকে।

ঘুণ ধরেছে আমার দেওয়ালে,তোমার দেওয়ালে।

হাত পেতে তো চাইনি কিছু
শুধু
আমার শ্রবণ শক্তির মৃত্যু দাও।

Tuesday, 22 March 2022

এখনও ঝুলছে স্বর্গের দেবতা

 


আজ সকাল থেকেই রোদ্দুর ফিকে
বসন্তের রং চুরি করে
হত্যা লিখেছে লালমাটি।
নিহত নিষ্পাপ মুখে সারিবদ্ধ যন্ত্রণা
পোড়া ঘরের দেওয়ালে
এখনও ঝুলছে স্বর্গের দেবতা

যে গ্রামে দশটা লাশের চিতা 
একদিনে জ্বলে
সেখানে সূর্য ওঠেনা কোনওদিন।






Monday, 21 February 2022

কাঁটাতার কিছু যুদ্ধ হারিয়ে দিতে জানে

 


যতদূর চোখ যায়
কাঁটাতার দেখি

দীর্ঘ যুদ্ধের পাণ্ডুলিপি
স্বহস্তে লিখেছে কাঁটাতার।
কাঁটাতারে অচেতন মৃত্যুর শংসাপত্রে ধুলো জমছে
আজ কাল পরশু।

সব যুদ্ধ জেতার জন্য ময়দান লাগেনা
কাঁটাতার ও কিছু যুদ্ধ হারিয়ে দিতে জানে।


Wednesday, 19 January 2022

পরিসংখ্যান

 


একশো,দুশো,তিনশো
না না
সাতহাজার, আটহাজার,নয়...
না না ভুল হচ্ছে
এক লক্ষ,দুই লক্ষ,তিন লক্ষ সাতাশ হাজার আটশো...
লাশ গুনছে 
শ্মশানের সাতটা বাড়ির আগের
পুরনো কার্নিশ খসা 
জানলায় বসা পাগলীটা।

দেশের যন্ত্রণা লিখতে
এই লাশ কী যথেষ্ট নয়?




Tuesday, 18 January 2022

হত্যার দিনলিপি

 



ভাঙছে
পাহাড়, নদী ,সময়
স্রোতের বিপরীতে মানুষের মিছিল।

জাগছে ভয়,বন্দী,কান্না
সন্ত্রাসী অন্ধকার উপত্যকা।

এভাবে গলা টিপে কবিকে হত্যা করা
যায়না রাষ্ট্র।



ফিরতে তো চাই
কিন্তু রাস্তা বন্ধ।
জাতীয় সড়কের ওপরেই
সারি সারি কফিনবন্দী লাশ
ওদের টপকে যাবো কি করে?

আমি কি ধর্নায় বসে 
কবিতা পড়তে পারি?



এক মুঠো মাটি দেবে?
বা একটু জমি...
অভুক্ত লাশগুলো পুঁতবো  কোথায়?







Monday, 29 November 2021

একটি উদ্দেশ্যহীন কবিতা



এমন কিছু স্টেশন থাকে
যেখানে নামার পর আর
গন্তব্য থাকেনা।

আমি প্রতিদিন এরম
একটা বা দুটো স্টেশনে নামি
হাঁটি,কবিতাগুলো দুমড়ে মুচড়ে ফেলে দিই।
আবার অপেক্ষা করি
শেষ ট্রেনের...


আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...