Wednesday, 14 February 2024

নগ্ন জন্মভূমির প্রতি



তোমার সিঁদুর কিংবা তোমার প্রিয় শাড়ি... 
আচ্ছা ধরো তোমার সালোয়ার বা ওড়না 
এসব তোমার কি ছিলো?
না রাষ্ট্র ভালোবেসে কেড়ে নিয়েছে ?
মাটি, ধানক্ষেত, কুঁড়ে ঘরের পরে
তোমার শরীরেও খাজনা নিচ্ছে রাষ্ট্র!!


এই নগ্ন দেশই কি আমার জন্মভূমি!!!

Sunday, 19 November 2023

যুদ্ধবিরতির কবিতা

 

সব যুদ্ধ থেমে গেলে 
তোমার কাছেই ফিরবো 
বসবো।
তুমি চুলে বিলি কাটতে কাটতে 
যুদ্ধবিরতির গান শোনাবে ।


যুদ্ধে তোমার হারের জন্য দায়ী করবে আমায়।
আমি শ্রান্ত মুখে সব ছেঁড়া কবিতার পাতা 
তোমার হাতে গুছিয়ে দিয়ে 
কয়েকটা প্রাণ খুঁজতে বেরোবো।


যুদ্ধ থামলে আমায় ডেকো 
ভাঙা ইটের থেকে খুঁজে নেবো 
কয়েকশো বছরের নিথর শিশুর দেহ 
যা আরও একশো বছর প্রাণ যোগাবে 
জনহীন মহল্লায়।


Thursday, 28 September 2023

বাবা


 বৃষ্টি শেষ

শব্দ করে ট্রেন চলে গেলে

বাইরে এসে দাঁড়ালাম ।

বাবা নতুন ছাতা নিয়ে দাঁড়িয়ে...

ভাবলাম ভিজে যাবি তাই চলেই এলাম।

নিজের জন্য সেই ফুটো ছাতাটাই

চুল গড়িয়ে জল পড়ছে চোখের পাতায়...


বাবাকে কোনওদিন কাঁদতে দেখিনি আমি।

Thursday, 21 September 2023

আজেবাজে লেখা ৯


 

মাঝে মাঝে মনে হয় সব ছিঁড়ে ফেলে দিই। 

অকথ্য কবিতা, অযথা উচ্চারণ, মঞ্চ,ফুল,হাততালি এসব দিয়ে কবিতা সেজে উঠছে রোজ।এসব দেখে রাগে মাথা যন্ত্রণা করে।

জানিনা ওই লোকটা কতদিন অভুক্ত থেকে প্রাণ ভরে মাখা ভাত খাচ্ছে মুখভর্তি দাড়ি নিয়ে। ভাতের দানা ছড়িয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে দাড়িতে।

এর থেকেও বড় কবিতার জন্ম হয়েছে নাকি পৃথিবীতে?

Sunday, 9 July 2023

একটি শান্তির কবিতা

 


১৭ টি লাশের ওপর দাঁড়িয়ে 
প্রাত:রাশ সেরে নিচ্ছে রাষ্ট্র।
উৎসবে মেতে থাকা নাগরিক
বিস্ফারিত চোখে দেখছে
মানুষের রক্তের রঙ লাল।

মোটের ওপর শব্দহীন সবই
শুধু ওই ১৭ মায়ের কান্না ছাড়া ...

Wednesday, 5 July 2023

বিছানা

 


একটা বিছানায় সারা জীবন পড়ে থাকতে পারে। বই,অভিমান, কর্মক্ষেত্রের বিজ্ঞাপন,সিগারেট, ছেঁড়া কবিতার পাতা...মায়ের আঁচল দিয়ে সেলাই করা চাদর জুড়ে স্মৃতি।
শুধু চোখের জলের দাগটাই থাকেনা।





জীবন কি এভাবেই চলে যায় শুধু?
প্রেম আসেনা?পথিক আসেনা?
থমকে থাকে কি মহাজীবনের হেঁটে যাওয়া?
চাদর ঝেড়ে দিলেই কি বিছানার স্মৃতি সরে যায়?

Saturday, 22 April 2023

না ফেরার শব্দ

 


ফিরে আসছে রসুল চাচা

এক আকাশ জুড়ে আজ ঈদের চাঁদ।

এবারে ছোট্ট ঝোলায় মেয়েটার জন্য একটাই সালোয়ার

নিজের তো বছর দুয়েক আগের কেনা লুঙ্গি আছেই

বউও তো এই পুজোয় শাড়ি কিনলো একটা...



কারখানা টা পরশু থেকে বন্ধ হয়ে গেল।

আর ফিরতে হবে না ঘিঞ্জি নোংরা শহরটায়।

Thursday, 20 April 2023

কেউ ফেরে না

 



কেউ ফেরে না।ফিরে আসার সব পথ আগলে রাখে কাঁটাতার। যুদ্ধ শেষে মৃত সৈনিক ঘরে ফেরেনা,ফিরে আসে তার লাশ।গরম হাওয়ার সাথে দু এক টুকরো বাঁশির শব্দ ভেসে আসে। ওই বাঁশি শুনবো বলেই তো ফিরিনি। ফিরবোনা আর কোনওদিন।


সবাই ফেরে না।কেউ কেউ ছেড়ে যায়।ফিরে আসার কথা দিয়েও কেউ কেউ ফেরেনা। গত জন্মের মৃত দাগ ফিরে আসে স্মৃতি হয়ে।সবাই ফিরে আসুক সবাই চায় না।


যে ফিরে এসেছে সে ফিরে আসতে চায়নি মাটিতে। মাটিই তাকে ফিরিয়ে এনেছে পূর্বপুরুষের ভিটায়।এখন ভিটে জুড়ে শুধুই কান্না।


আরও কতজনের ফিরে আসার কথা ছিলো, কই তারা ফিরলো না তো...


আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...