Tuesday, 17 January 2023

দাফন

 



আমার শেষ কবিতার দাফন সারলাম আজ
চারিদিকে টুকরো টুকরো কিছু মাটি
ছেঁড়া কাগজ
অনেকগুলো অসম্পূর্ণ কবিতা...
দেশভাগের দলিল টা পড়ে রইলো 
আমার সাথে আসা প্রায় তিরিশ জনের কাছে।
মায়ের মুখটা মনে পড়লো একবার
খুব ভেঙে যাওয়া একটা মুখ।
বেশ কিছু পাঠক দূরে দাঁড়িয়ে চুলচেরা বিশ্লেষণ করছিল
কি লিখতে পারলাম কি পারলাম না।
আমার সন্তান এসে মাথায় হাত রাখলো
আমি চোখ বন্ধ করে নিলাম।

ঘুম আসছে,গভীর ঘুম...




Sunday, 8 January 2023

ভাগশেষ

 


সকাল থেকে সন্ধ্যে ভাগ হলো 
ভাগ হলো দুপুর,
কাঁসার থালা,গেলাস, বাটি
পায়রা থাকার খাঁচা।
যা দু একটা ছেঁড়া নকশা ছিল...
কৃষ্ণকান্তের উইলের প্রথম ৪৬ পাতা
তাও ভাগ হয়ে গেল।
আমি ভাঙতে ভাঙতে শেষ পাঁচিলের কাছে দাঁড়ালাম।
আমার মায়ের হাতে এক গাছা চুড়ি,
বাবার চোখের জল নিয়ত লুকোনোর চেস্টা
সব শেষ ।


ভাগশেষ শুধু কাঁটাতার।


Sunday, 11 December 2022

যতবার পা দিয়েছি মহানগরে

 


যতবার পা দিয়েছি মহানগরে
ততবার দেখেছি অজস্র পায়ে ক্ষত
আমি ডিঙিয়ে যেতে চেষ্টা করেছি
ছোঁয়াচ বাঁচিয়ে যেতে চেয়েছি ক্ষতস্থানের।
মহানগর রাতে বিকিয়ে দিয়েছে শরীর
শরীর বেয়ে নেমেছে হিম।
আমি দেখেছি -
কিভাবে নগর ভেঙে জেগে ওঠে মহানগর
কিভাবে জল জেগে থাকে সারারাত
কিভাবে শব্দ ধীরে ধীরে শব্দহীন হয়
কিভাবে মানুষ খুঁজে নেয় আশ্রয় ।
দেখতে দেখতে পেরিয়ে নিয়েছি পথ
না রাজপথ।

যতবার পা দিয়েছি মহানগরে
দেখেছি...



Saturday, 3 December 2022

মৃত্যুর আগে

 


কি লিখেছি জানি না
আগামীদিনে লিখতে পারবো কিনা 
তাও জানিনা।
রাষ্ট্র আমার হাত থেকে কলম কেড়ে নেবে
না,নতুন কলম তুলে দেবে জানিনা।
শুধু মৃত্যুর আগে 
একবার সীমান্তে লিখতে চাই -

কাঁটাতারে দেশ ভিন্ন হয় নাগরিক নয়।











ছবি ঋণ:গুগল।

Monday, 21 November 2022

দূরত্ব - ২

 


প্রতিদিন একটু একটু করে সরে যায় রোদ 
চিলেকোঠা থেকে ঠাকুরঘর
সেখান থেকে পরিত্যাক্ত আঁতুড়ঘর পেরিয়ে
বারগা ঘেঁষা ভাঙ্গা কার্নিশে রোদ সরে যায় প্রতিদিন।
আসলে
প্রতিটি অক্ষরেখায় রোদের বিন্যাস আলাদা।
ওই
রাষ্ট্র ও অগণিত জনগণের সম্পর্কের মত
রোজই একটু একটু করে সরে যায়...



Friday, 28 October 2022

দূরত্ব - ১

 


মিছিল
তারপর আরও একটা মিছিল
অনেক অনেক পা।
অনেক পতাকায় মোড়া
একটা সাজানো সভ্যতা।
মিছিলের শেষে পতাকায় যে বৃদ্ধা
তার কাছে পৌঁছায় না স্লোগান

ঠিক যেমন নাগরিক দূরে থাকে রাষ্ট্রের।


Thursday, 20 October 2022

পাহাড়ের কথা

 


আমি প্রতিদিন ঘামি
ঘামে ভিজে যায় আমার কপাল
ঘামতে ঘামতেই পাহাড়ে উঠি
পাহাড় মানে দুটি দেশের ভাজ্য আর ভাজক।

দূর থেকে সবুজ 
আর সবুজ শেষ হলেই পাথর
শক্ত পাথর
আমার সংবিধানের ৪৬ ধারার থেকেও শক্ত।

পাথর শেষ হলে নদী আসে
পাহাড়ের গ্লানি।
এক কাপ চায়ে
তিব্বতী শরণার্থী জমিয়ে রাখে ভিটের যন্ত্রণা।

পাহাড়ের একটা জেদ আছে
সেই জেদের কাছেই
মাথা নত করে থাকে বিবাগী বাঁক
বাঁক ঘুরলেই রাষ্ট্র এঁকে দেয় যতিচিন্হ।
 




Monday, 29 August 2022

কি চেয়েছিল হঠাৎ গুলিতে নিহত লোকটা?

 


কি চেয়েছিল হঠাৎ গুলিতে নিহত লোকটা?
রাজনীতি মানে ভোট দিতে যাবার দিন
আর রাষ্ট্র মানে ১৫ইআগস্ট জানতো শুধু।
মিছিল দেখতো ছেলেকে কোলে নিয়ে।
কাকা নকশাল করতো বলে সম্পর্ক ছিলনা বাড়ির সাথে,
ওর ও ছিলনা। কথাও বলেনি কোনওদিন।
কি চেয়েছিল হঠাৎ গুলিতে নিহত লোকটা?

একটা ছোট্ট অফিস
ঘরঘরে ফ্যান মাথার ওপর
ছুটিতে একটু দীঘা,ওই বার দুই পুরী...
বিকালে সেলাই করা ব্যাগে সুখের নাম ছিলো ছেলের খেলনা ।
কি চেয়েছিল হঠাৎ গুলিতে নিহত লোকটা?

লক্ষ্মীভান্ডার উল্টে বউ এর সাথে আগামী বর্ষায় 
ছাদ সরানোর স্বপ্ন,
ছেলেকে ইংলিশ মিডিয়াম না হোক,ভালো বাংলা মিডিয়াম বা ভালো প্রাইভেট টিউশনের স্বপ্ন... 
পুজোয় একবার রেস্টুরেন্টে ঢুকে এগ চাউ এর সাথে 
চিলি চিকেন...
তবে হ্যাঁ শীতকালে একবার চিড়িয়াখানায় বাঘ...
কি চেয়েছিল হঠাৎ গুলিতে নিহত লোকটা?

অফিস থেকে আগেই তো মিটে গিয়েছিলো কাজ
বাসটাও একটু ফাঁকা
রাস্তায় ভীড়
ব্যাগে সুখ কিনেছিলো সেদিন
জীবনবীমার একটা কাগজ
হঠাৎ গুলি,হঠাৎ শব্দ,হঠাৎ অন্ধকার...
তারপর ঘুম,অনেকটা ঘুম
একবার বউ আর সুখের উৎস সন্ধান করেছিলো

কি চেয়েছিল হঠাৎ গুলিতে নিহত লোকটা?



আমার রাষ্ট্র পুড়ছে

  শ্মশানে দাঁড়িয়ে আছি  পকেট হাতড়ে সোনালী রাজস্তম্ভ দেওয়া  মিথ্যা প্রতিশ্রুতি একটা দলিল পেলাম। চোখের সামনে আমার রাষ্ট্র পুড়ছে পুড়ে যাচ্...